বগুড়ার শিবগঞ্জে বাস থামিয়ে পুলিশ পরিচয়ে ১০২ ভরি ১২ আনা স্বর্ণ ছিনতাই হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হল দিনাজপুরের সাদিকুল ইসলাম ও আলমগীর হোসেন এবং জয়পুরহাটের রবিউল ইসলাম ও আসাদুজ্জামান শাহিদ।
বুধবার বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, বগুড়া শহরের স্বর্ণ ব্যবসায়ী খায়রুল ইসলাম ৫ অক্টোবর ২৪ ক্যারেটের ১০টি স্বর্ণের বার তার খালাতো ভাই বাপ্পির মাধ্যমে জয়পুরহাট পাঠান। স্বর্ণগুলোর ওজন ছিল ১০২ ভরি ১২ আনা। বাপ্পি হোসেন বাসে জয়পুরহাটে যাওয়ার পথে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে শিবগঞ্জের মোকামতলা-জয়পুরহাট সড়কের উথলি এলাকায় পৌঁছালে তিন-চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে বাসটি থামায়। তারা বাপ্পিকে বাস থেকে নামিয়ে মারধর করে। পরে তার কাছে থাকা স্বর্ণের বার ও মুঠোফোন নিয়ে যায়। এরপর তাকে শিবগঞ্জের বালা রোডের গুজিয়া হাট মণ্ডলপাড়ায় ফেলে রেখে পালায় তারা। এ ঘটনায় খায়রুলের লিখিত অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানায় ২৭ অক্টোবর মামলা হয়।
আতোয়ার রহমান জানান, পঞ্চগড় থেকে সাদিকুলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট থেকে রবিউল ও শাহিদকে গ্রেফতার করা হয়।


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)