ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে দেশ ছেড়েছেন ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি আর্জেন্টিনা হয়ে ইকুয়েডরে গেছেন। সেখান থেকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এমনকি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে তার চূড়ান্ত গন্তব্য নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করে। রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান ফ্লাভিও। ব্রাজিলের সংবাদমাধ্যম মেত্রোপোলেস প্রথমে ফ্লাভিওর যুক্তরাষ্ট্রে যাত্রার খবর প্রকাশ করে। এই রাজনীতিকের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তার উড়োজাহাজ আকাশে রয়েছে। তবে সেটি কোথা থেকে উড্ডয়ন করেছে, তা স্পষ্ট করা হয়নি। ফ্লাভিওর ঘনিষ্ঠজনরা মেত্রোপোলেসকে জানান, মঙ্গলবার বিকালে তার ফ্লোরিডায় পৌঁছানোর কথা ছিল।