ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আকাশ মেঘলা, মাঝেমধ্যে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন বৈরি আবহাওয়া ও অলস পরিবেশে জমে উঠেছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ঢিলেঢালা ও আইনশৃঙ্খলা বাহিনীর অলস সময় কাটানোর দৃশ্য চোখে পড়লেও, সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে কিছু নির্দিষ্ট কেন্দ্রে। উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে সনাতন ধর্মী নারী ভোটারদের।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৪৮ নম্বর ‘দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে গিয়ে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। সেখানে পুরুষ ভোটারদের উপস্থিতি নামমাত্র হলেও, নারী ভোটারদের লাইন ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ভোট প্রদান শেষে সাধুপাড়ার শেফালী রানী সন্তোষ প্রকাশ করে বলেন, কেন্দ্রে এসে খুব ভালো লাগছে। পরিবেশ বেশ শান্ত ও সুন্দর, কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি।
একই কেন্দ্রে এসে পদ্মারানী ও অঞ্জনাদের মতো অনেক নারী ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. রিজওয়ানুল হক জানান, মোট ৩ হাজার ৫ জন ভোটারের মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৬৫০টি ভোট (প্রায় ২০%) কাস্ট হয়েছে, যার বড় একটি অংশই নারী ভোটার।
উল্লেখ্য, সংসদীয় আসনটির ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চললেও সামগ্রিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় অনেক কেন্দ্রেই অলস সময় কাটিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে পৌঁছানোর পরই কেবল তাদের নড়েচড়ে বসতে দেখা যায়।

-6ae2ef95d78ac.jpg)
-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)