শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সব শ্রেণিপেশার মানুষের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে (বাউবি) আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। শুধু সার্টিফিকেট প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। বরং যারা বিভিন্ন কারণে নিয়মিত শিক্ষাজীবন শেষ করতে পারেননি, তাদের আবার লেখাপড়ার সুযোগ তৈরি করা এবং দক্ষ করে তোলাই এ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। বুধবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (আইটিভেট)-এর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য দেন। অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৯ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)