টঙ্গীবাড়ীতে সার ডিলার নিয়োগে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলার ১৩টি ইউনিয়নে একজন করে ১৩ জন ডিলার নিয়োগের বিপরীতে আবেদন করেছিলেন ৫৫ জন। এর মধ্যে পাঁচগাঁও ইউনিয়নে নিয়োগ পাওয়া নাজিফা এন্টারপ্রাইজের গুদাম হিসাবে ব্যবহৃত ঘরে সারের পরিবর্তে দেখা গেছে অটো-মিশুক। ঘরটি ব্যবহৃত হচ্ছে গ্যারেজ হিসাবে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বুধবার সরেজমিন দেখা যায়, প্রতিষ্ঠানটির ঘরটি টিনের তৈরি এবং ভিটি কাঁচা। ঘরের ভেতরে রয়েছে অটো-মিশুক। স্থানীয়দের অভিযোগ, প্রতিযোগিতাপূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলেও তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত নিয়ে স্পষ্টতা নেই। উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই তদন্ত কমিটির সদস্যদের ভাষ্য, সরেজমিন কোথাও গরুর খামার, আবার কোথাও জঙ্গলের মধ্যে পরিত্যক্ত ঘর পাওয়া গেছে। একজন সদস্যের দাবি-তাদের দিয়ে নামমাত্র তদন্ত করানো হয়েছে। ডিলার নিয়োগের সিদ্ধান্ত এসেছে ওপরের মহল থেকে। তদন্ত কমিটির সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম মিয়া বলেন, সরেজমিন যা পেয়েছেন, তা-ই প্রতিবেদনে উল্লেখ করেছেন। পাঁচগাঁও ইউনিয়নে আবেদনকারীদের মধ্যে নাজিফা এন্টারপ্রাইজের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। টিনের ঘরের কাঁচা ভিটি ছিল এবং ঘরে অন্য একজন ব্যবসা করতেন। ফলে সেটি প্রতিষ্ঠানের গুদাম কি না, তা বোঝার উপায় ছিল না। তিনি আরও বলেন, তাদের কাজ ছিল প্রতিবেদন দেওয়া, তা দিয়েছেন। তবে ডিলার নিয়োগ হয়েছে ওপরের মহলের সুপারিশে। নাজিফা এন্টারপ্রাইজের মালিক ও পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকির বলেন, এখনো সার আসেনি। গুদাম হিসাবে অটোর গ্যারেজটি ভাড়া নেওয়া হয়েছে। সার এলে গুদামটি উপযোগী করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই কমিটির সভাপতি তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।