মিরপুরে আখতার হোসেন সাদ্দাম ও জাহিদ হোসেন নামে দুই সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বাবু ওরপে হোয়াইট বাবু নামের সন্ত্রাসীর বিরুদ্ধে। সাদ্দাম যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ‘দেশের টিভি ইউএসএ’-এর বার্তাপ্রধান ও সাপ্তাহিক রেনেসাঁর সম্পাদক এবং জাহিদ সাপ্তাহিক রেনেসাঁর স্টাফ রিপোর্টার। হুমকির পরপরই ওই সাংবাদিকদের বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শন ও মহড়া চালিয়েছে হোয়াইট বাবুর নেতৃত্বাধীন চার সন্ত্রাসী। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিকের পরিবার ও সহকর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মিরপুর ১১ নম্বরের শীর্ষ সন্ত্রাসী বাবু ওরপে হোয়াইট বাবু ব্যক্তিগত মুঠোফোনে সাংবাদিক সাদ্দাম ও জাহিদকে অকথ্য ভাষায় গালাগালসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই হোয়াইট বাবুর নির্দেশে তার ৪ সহযোগী সাংবাদিক সাদ্দামের মিরপুর ১১ নম্বরের বাসার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা সাদ্দামকে লক্ষ্য করে হুমকি-ধমকি দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করে। মহড়ায় অংশ নেওয়া চারজনের মধ্যে দুজন স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আদনান ও রনি। তবে তাদের সঙ্গে থাকা বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এদিকে সন্ত্রাসী হোয়াইট বাবু ও সাংবাদিক জাহিদের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।