হলিউডের ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’খ্যাত ফরাসি অভিনেত্রী মেলানি লরাঁ যুক্ত হয়েছেন বলিউডের নতুন সিনেমা ‘লং ইয়ার্স অ্যাগো’তে। এটি পরিচালনা করছেন ‘দ্য লাঞ্চবক্স’খ্যাত নির্মাতা রিতেশ বাত্রা। এতে অভিনয় করবেন সাইফ আলী খান ও বিদ্যা বালানও। পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা নীরবতা, না বলা কথা এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এরইমধ্যে মুম্বাইয়ে এর শুটিং শুরু হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মেলানি। কোয়েন্টিন টারান্টিনোর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ (২০০৯) সিনেমায় অভিনয়ের সুবাদে আন্তর্জাতিক পরিচিতি পান মেলানি। এ ছাড়া ‘এনিমি’ ও ‘৬ আন্ডারগ্রাউন্ড’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন সাইফ ও বিদ্যা।