নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের পরিবারের সঙ্গে দেখা করে শাকিলের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কেন্দ্রীয় সংসদের নেতারা প্রথমে উপজেলার খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে শাকিলের কবর জিয়ারত করেন। এরপর কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল হত্যার ইন্ধন ও অর্থ জোগানদাতাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

ছাত্রদল নেতারা থাকা অবস্থায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, বাবুল চৌধুরী প্রমুখ শাকিলের বাসায় উপস্থিত হন।

এ সময় প্রতিমন্ত্রী পুতুল বলেন, এ হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানান। এজন্য হত্যার বিষয়ে তথ্য প্রদানে সবার সহযোগিতা চান প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে মারা যান শাকিল।

শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় এমপি আব্দুল আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে ২৬ অক্টোবর রাতেই ডিবি পুলিশ গ্রেফতার করে। আদালত ২৭ অক্টোবর মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিন্টু বর্তমানে রিমান্ডে রয়েছেন।