সড়ক দুর্ঘটনা কমাতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকার, পরিবহণ মালিক, শ্রমিক, চালক, যাত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার সম্মিলিত উদ্যোগ জরুরি।

বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দক্ষ চালক নিয়োগ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। সড়ক নিরাপত্তার দায়িত্ব কোনো একক প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের নয় উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিক আলোচনায় সীমাবদ্ধ না থেকে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।