চাঁদার ৫ লাখ টাকা পরিশোধ না করলে সোনারগাঁও উপজেলার নয়াপুর চেয়ারম্যান মার্কেটে এক ব্যবসায়ীর দোকান খুলতে দেওয়া হবে না বলে হুমকি প্রদান করা হয়েছে। স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার নেতৃত্বে তার সহযোগীরা এ হুমকি প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ী এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন। তবে, বিএনপি নেতা সেলিম সরকার তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তার লিজকৃত রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করে দিতে অনুরোধ করায় এ মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন বলে দাবি করেন।

জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখী এলাকার ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন নয়াপুর বাজারের চেয়ারম্যান মার্কেটে একটি দোকান নির্মাণ করে তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অভিযোগ উঠেছে, সাদীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম সরকার ও তার সহযোগীরা সম্প্রতি ৫ লাখ টাকা চাঁদার দাবিতে ওই দোকানটি নতুন করে অন্যত্র ভাড়া দেওয়া যাবে না বলে হুমকি প্রদান করেন। বর্তমানে দোকানটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। সংবাদ সম্মেলন করেন দোকান মালিক মোফাজ্জল হোসেন ও তার স্ত্রী।