সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর মোহাম্মদ আশরাফুলের জায়গায় বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথমদিন বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সে উন্নতির কৃতিত্ব আশরাফুলকে দিয়েছেন সালাহউদ্দিন। প্রথমদিন শেষে বাংলাদেশ তিন উইকেটে ২১৩ রান তুলেছে। সালাহউদ্দিনের মতে, উইকেটে বোলারদের জন্য সহায়তা আছে। তবে ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবেই সামলেছেন। টপঅর্ডার আরেকটু ভালো করতে পারত। তার সতর্কবার্তা, এই টেস্টে যে কোনো সময় নাটকীয় পরিবর্তন আসতে পারে। দ্বিতীয়দিনের প্রথম সেশন গুরুত্বপূর্ণ। সাদমান ইসলামের ৯৯ রানের অপরাজিত ইনিংসের প্রশংসা করে ব্যাটিং কোচ বলেন, ‘ঝুঁকিপূর্ণ শট না খেলে উইকেট বুঝে ব্যাটিং করেছে সাদমান। আগে পঞ্চাশ-ষাট রান করা সাদমান এবার নিজের ইনিংস লম্বা করেছে। এই ইনিংস থেকে সাদমান অনেক কিছু শিখবে। সেঞ্চুরি করাও সহজ হবে।’
সালাহউদ্দিন বলেন, ‘ব্যাটিংয়ে খুব বেশি সমস্যা হয়নি। আমি ও আশরাফুল একসঙ্গেই ছিলাম। শেষ কয়েক বছর আশরাফুল ব্যাটারদের নিয়ে অনেক কাজ করেছে। কৃতিত্ব ওকেই দেওয়া উচিত।’





