ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ বিশ্ব র্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাস। বুধবার কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন বাংলাদেশের তিন তিরন্দাজ। বাংলাদেশের স্কোর ছিল যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮। অন্য দিকে কাজাখস্তানের স্কোর ৫৫, ৫২, ৫৬ ও ৫৭। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
তবে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতলেও দ্বিমুকুট অধরা রইল বন্যা আক্তারের। মিশ্র বিভাগে রাকিব আহমেদ নেওয়াজকে সঙ্গে নিয়ে ফাইনালে কাজাখস্তানের কাছে ১৫৩-১৪২ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।
কম্পাউন্ড নারী দল স্বর্ণ জিতলেও পুরুষ দলকে ফিরতে হয়েছে রুপা নিয়ে। হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজের দল কাজাখস্তানের কাছে হেরেছে ২৩০-২২৪ পয়েন্টে।
ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছেন কুলসুম আক্তার। কম্পাউন্ড নারী বিভাগে কাজাখস্তানের আয়াজানকে ১১৬-১১০ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। এই বিভাগে সোনার লড়াইয়ে নামবেন বন্যা। ফাইনালে তার প্রতিপক্ষ কাজাখস্তানের মিলানা।





