জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার প্রথমদিনেই জাতীয় রেকর্ড হয়েছে ছয়টি। পাঁচটি সাঁতারে, একটি ডাইভিংয়ে। পদক তালিকায় শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার প্রথমদিনে নৌবাহিনী নয়টি স্বর্ণ, চারটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ পেয়েছে। তিনটি স্বর্ণ, সাতটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী।

পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর কাজল মিয়া এক মিনিট ৫৪.৫৫ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন নিজের গড়া জাতীয় রেকর্ড। ২০২৫ সালে তার সেরা সময় ছিল এক মিনিট ৫৫.০৬ সেকেন্ড। পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়েও স্বর্ণ জিতেছেন কাজল। সময় নেন দুই মিনিট ৭.৩৩ সেকেন্ড।

পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন ২৫.৮১ সেকেন্ডে। গত বছর তার গড়া রেকর্ড ছিল ২৬.০৫ সেকেন্ড। নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেনাবাহিনীর ইরফানা খাতুন এক মিনিট ১৭.৩৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতার পাশাপাশি গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। ২০২৪ সালে রোমানা আক্তারের গড়া রেকর্ড ছিল এক মিনিট ১৮.২৭ সেকেন্ড।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ও সাঁতার ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম, বগুড়া-৬ আসনের সংসদ-সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।